চলতি মাসেই ক্লিনিক্যাল ট্রায়ালে যাচ্ছে ‘বঙ্গ ভ্যাক্স’

৬ জানুয়ারি, ২০২১ ১৫:৫৮  
করোনা যুদ্ধে ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য প্রয়োজনীয় টিকা উৎপাদন করতে ওষুধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন পেয়েছে দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক। বঙ্গবন্ধুর সম্মানের টিকার নাম করণ করা হয়েছে বঙ্গ-ভ্যাক্স। চলতি মাসের মাঝামাঝি সময়ে এই টিকার ট্র্যায়ালটি শুরু করা হতে পারে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির গবেষণা ও উন্নয়ন বিভাগের প্রধান ডা. আসিফ মাহমুদ। বুধবার (০৬ জানুয়ারি) ওষুধ প্রশাসনের অনুমোদন পাওয়ার কথা জানালেও এখন ইথিক্যাল ট্র্যায়েলের অনুমোদন পেতে বিএমআরসি’র অনুমোদনের জন্য অপেক্ষা করতে হবে বলেও জানিয়েছেন তিনি। তাই যত দ্রুত সেই অনুমোদনটি মিলবে ততোটাই দ্রুত তারা ট্রায়াল শুরু করতে পারবে গ্লোব বায়োটেক। এ ক্ষেত্রে তিন ধাপে পরীক্ষা চালাবে তারা। সব ঠিক থাকলে আগামী জুন মাস নাগাদ এই টিকাটি হাতে পেতে পারেন দেশের মানুষ। এর আগে গত বছরের ২ জুলাই বাংলাদেশে প্রথমবারের মতো নতুন করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা উদ্ভাবনের দাবি করে গ্লোব বায়োটেক লিমিটেড। প্রতিষ্ঠানটি গত ৮ মার্চ এই টিকা তৈরির কাজ শুরু করে। জানা গেছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকায় যে ১৫৬টি টিকা পরীক্ষামূলক প্রয়োগের পূর্বাবস্থায় আছে, তার মধ্যে গ্লোব বায়োটেকের তিনটি টিকা আছে। এগুলো হলো ডি৬১৪ ভেরিয়েন্ট এমআরএনএ, ডিএনএ প্লাজমিড ও এডিনোভাইরাস টাইপ-৫ ভেক্টর। প্রসঙ্গত, বিশ্বের এগিয়ে থাকা করোনা ভাইরাসের টিকাগুলোর মধ্যে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা উৎপাদন করছে ভারতের সেরাম ইনস্টিটিউট। সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে টিকা কিনছে বাংলাদেশ সরকার। এই টিকা সরবরাহ করবে বেক্সিমকো ফার্মা।